গোয়ালতোড়ে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ দুই শতাধিক কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোয়ালতোড়ে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ।ওই যোগদান কর্মসূচিতে গড়বেতা দুই ব্লকের ৯ নম্বর পিয়াশালা অঞ্চলের বিজেপির নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের চারজন ও পঞ্চায়েত সমিতির একজন সদস্য তাদের অনুগামী প্রায় দুই শতাধিক বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের গড়বেতা দুই ব্লকের সভাপতি ভাস্কর চক্রবর্তী, সহ সভাপতি শ্যাম সৎপতি, তৃণমূল যুব কংগ্রেসের গড়বেতা দুই ব্লকএর সভাপতি দীপক পাত্র ও গড়বেতা পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের গড়বেতা দুই ব্লকের সভাপতি ভাস্কর চক্রবর্তী বলেন পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের মোট ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আটটি আসনে জয়লাভ করে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। বিজেপি ওই গ্রাম পঞ্চায়েতে চারটি আসনে জয়লাভ করেছিল ।
সেই চারজন শুক্রবার তাদের অনুগামি দের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।এছাড়াও পিয়াশালা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য মিঠু গোস্বামী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে গড়বেতা দু'নম্বর ব্লকে বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না বলে জানান গড়বেতা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী।
বিধানসভা নির্বাচনের পর প্রতিনিয়ত দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনেও এই যোগদান পর্ব অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিজেপির পঞ্চায়েত সদস্য অর্চনা লোহার বলেন বিজেপি দলে থেকে এলাকার কোন কাজ করতে পারছিলাম না। বিজেপি নেতারা আমাদের কেউ কোনো খোঁজ-খবর নেয়নি ।তাই আমরা স্বেচ্ছায় আমাদের অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিনে আমরা তৃণমূলের হয়ে কাজ করবো।

Post a Comment